বরাবরই চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানের অন্যতম সেরা আয়োজন থাকে ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হলো নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। বলাই বাহুল্য এবারও ‘কৃষকের ঈদ আনন্দ’ জমজমাট, ব্যতিক্রমধর্মী ও মজার সব খেলাধুলায় ভরপুর।

সুবিশাল লেক, দৃষ্টিনন্দন স্থাপনা এবং রকমারি বিনোদন রাইডের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা ড্রিম হলিডে পার্ক এবারের অনুষ্ঠানকে দিয়েছে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে উঠে এসেছে, ঢাকা থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে কীভাবে শহুরে জীবনের বাস্তবতার বাইরে গ্রামবাসীরা নিজেদের স্বতন্ত্র জীবনধারা ধরে রেখেছেন। নরসিংদী অঞ্চলের কৃষি, তাঁত শিল্প, প্রকৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করে আছে। প্রায় দেড় থেকে দুই হাজার গ্রামবাসীর সম্মিলিত আনন্দে মুখর হয়ে ওঠে খেলার মাঠ।
এবারও খেলার তালিকায় এসেছে নতুনত্ব ও বৈচিত্র্য। পিচ্ছিল পথে পেয়ারা নিয়ে দৌড়, লাঠি দিয়ে চক্কর খেয়ে হাঁড়িভাঙা, মামা-ভাগ্নের টায়ার রেস, তেল মেখে ঝুলন্ত কলাগাছে ওঠা, শিশুদের বস্তা দৌড় এবং লেকের পাড়ে বউ সাজানো প্রতিযোগিতা।
‘কৃষকের ঈদ আনন্দ’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি এক সামাজিক বার্তাবাহকও। যেখানে প্রতিবছর উঠে আসে গ্রামবাংলার মাটি, মানুষ ও সংস্কৃতির নতুন নতুন গল্প, আর ফুটে ওঠে কৃষকের রঙিন মুখচ্ছবি।
‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।
Leave a Reply
Your identity will not be published.