ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’ গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন

ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’ গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন

ফরিদুর রেজা সাগর একজন শিশু সাহিত্যিক হিসেবে খ্যাতিমান। অবশ্য অন্য ধরনের লেখাও তিনি লিখে থাকেন। এমনই একটি প্রকাশিতব্য গ্রন্থ ‘প্রিয়জন আপনজন‘। এখানে শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের বিখ্যাত ১০০ জন মানুষের কথা বলা হয়েছে। সংগত কারণেই ধারণা করা যায় এদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিরও প্রতিফলন ঘটবে গ্রন্থটিতে। প্রকাশিতব্য এই গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর ক্রিস্টাল বলরুমে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। উল্লেখ্য, ‘প্রিয়জন আপনজন’ গ্রন্থের প্রচ্ছদ করেছেন খ্যাতিমান অভিনেতা-নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। প্রকাশক ‘অন্যপ্রকাশ‘।

‘প্রিয়জন আপনজন’-এর প্রচ্ছদ উন্মোচনের বিষয়টি ছিল বেশ অভিনব। উপস্থাপক ফারজানা ব্রাউনিয়ার আহ্বানে মঞ্চে উপস্থিত হন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বইটির লেখক ফরিদুর রেজা সাগর, প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। ফারজানা ব্রাউনিয়া ১০ থেকে কাউন্টডাউন করতে থাকেন। তিনি ‘১’ বলার সঙ্গে সঙ্গে মঞ্চের পেছনের লাল পর্দা দুই পাশে সরে যায়। ভেসে ওঠে ‘প্রিয়জন আপনজন’ বইয়ের একটি বিশালাকৃতির ডামি। অবিকল মূল বইয়েল মতো, নান্দনিক প্রচ্ছদে মোড়ানো। বেজে ওঠে ‘গুপী গাইন বাঘা বাইন’ চলচ্চিত্রের গান ‘ভূতের রাজা দিল বর’। এই সময় দুইজন ঢুলি ঢোল বাজাতে বাজাতে প্রবেশ করেন হলে। উল্লেখ্য, অনুষ্ঠানের শেষেও ছিল ‘প্রিয়জন আপনজন’-এর প্রচ্ছদ উন্মোচন। তবে তখন মঞ্চে কেউ ছিল না।

অনুষ্ঠানের সূচনা ঘটে উপস্থাপক ফারজানা ব্রাউনিয়ার স্বাগত জানানোর মধ্য দিয়ে। এরপর স্বনামধন্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা সংগীত পরিবেশন করেন। গেয়ে শোনান ‘খেলিছ এই বিশ্ব লয়ে’, ‘কাবেরী নদী-জলে’, ‘কথা বলো না বলো ওগো বন্ধু’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ‘অন্যপ্রকাশ‘-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ফরিদুর রেজা সাগর একজন খ্যাতিমান শিশুসাহিত্যিক। তাঁর জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে লিখেছেন বিভিন্ন সময়ে। এঁদের মধ্য থেকে বাছাই করা এক শ ব্যক্তিত্বকে একসাথে করে শিগগিরই প্রকাশিত হবে ‘প্রিয়জন আপনজন’ শীর্ষক গ্রন্থ। আজ এই অনুষ্ঠানে উন্মোচিত হবে প্রকাশিতব্য এই গ্রন্থটির প্রচ্ছদ। এমনটি আমি দেখেছি ফ্রাঙ্কফুর্ট বইমেলাসহ বিভিন্ন আন্তর্জাতিক বইমেলায়। লেখক বা বিষয়ের গুরুত্বের কারণে বই প্রকাশের আগেই উন্মোচিত হয়েছে প্রচ্ছদ। তখন থেকেই আমি ভেবেছি বাংলাদেশেও বিশেষ কোনো বইয়ের ক্ষেত্রে এমনটা করার।

এছাড়াও বক্তব্য প্রদান করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, বইটির প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন, লেখক ফরিদুর রেজা সাগর এবং তাঁর স্ত্রী কনা রেজা।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, এক সাথে দুই কাজ করা কঠিন। কিন্তু যারা একটি কাজ ভালোভাবে পারে, তারা দশটি কাজও পারে। সাগর তেমনই একজন। ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশে এমন অনুষ্ঠান প্রথম, যেখানে বই নয় বইয়ের প্রচ্ছদের উন্মোচন হচ্ছে। আমীরুল ইসলাম ‘প্রিয়জন আপনজন’-এর ওপর আলো ফেলেন। তিনি বলেন, সাগর ভাইকে অভিনব সব প্রকাশনায় মুগ্ধ করেছে, আশ্চর্য করেছে, হতবিহ্বল করেছে ‘অন্যপ্রকাশ’। অদ্ভুত সব বই প্রকাশ করে। তিনি আরও বলেন, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা আরও বাড়ানোর ক্ষেত্রেও অন্যপ্রকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আফজাল হোসেন জানান, তিনি নানা কাজের মাধ্যমে বন্ধু ফরিদুর রেজা সাগরকে অতিক্রম করতে চেয়েছেন। কিন্তু পারেন নি। সাগর সব সময় এগিয়ে থেকেছেন। কনা রেজা জানান,

তাঁর সাম্প্রতিক অসুস্থতার দিনগুলোতে একসাথে যখন দেশের বাইরে ছিলেন, লক্ষ করেছেন ফরিদুর রেজা সাগর লেখালেখি নিয়ে নিবিষ্ট সময় কাটাচ্ছেন।

এই পর্যায়ে ‘প্রিয়জন আপনজন’-এর লেখক ফরিদুর রেজা সাগর এবং প্রচ্ছদশিল্পী আফজাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান যথাক্রমে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং অন্যতম পরিচালক আবদুল্লাহ নাসের।

‘প্রিয়জন আপনজন’-এর প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের খ্যাতিমান মানুষেরা।

Leave a Reply

Your identity will not be published.