কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর ক্ষেত্রে ‘জনপ্রিয়’ অভিধাটি ব্যবহার করা হয়। হ্যাঁ, তিনি জনপ্রিয় ছিলেন। গল্প-উপন্যাস, টিভি নাটক, চলচ্চিত্র, গান, এই সবকিছুর জন্যই তিনি ছিলেন অতুলনীয় জনপ্রিয়।
হুমায়ূন আহমেদ যে শুধু জনপ্রিয় ছিলেন না, তাঁর সৃষ্টিকর্ম যে সৃজনশীলতার দ্যুতি ছড়ায়, নান্দনিক বৈশিষ্ট্যে উজ্জ্বল, সেটিও সত্যি। আর তাঁর তথাকথিত সমালোচকেরা ‘সস্তা’, ‘বাজারি’ বলে অবজ্ঞা কিংবা তিনি ‘টিকবেন না’ বলে যতই ভবিষ্যৎ বাণী করুক না কেন, তাঁর মৃত্যুর চৌদ্দ বছর পরেও দেখা যাচ্ছে, আজও পাঠকের কাছে প্রবলভাবে বেঁচে আছেন তিনি। আজও বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় তাঁর বই। বলা যায়, পাখি উড়ে যায় কিন্তু তার পালক পড়ে থাকে। হুমায়ূন আহমেদ চলে গেলেও তাঁর চিহ্ন রয়ে গেছে। কেননা তিনি রেখে গেছেন তাঁর অজস্র সৃষ্টি। এইসব সৃষ্টির মাঝেই তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন, তাঁর অগণিত পাঠক, অনুরাগী ও স্বজনদের মাঝে।
আজ হুমায়ূন আহমেদের প্রয়াণের চৌদ্দ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হবে বিভিন্ন লেখা। আজ সকালে হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি কেন্দুয়ার কুতুবপুরে তাঁর হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। একই সময়ে জেলা শহরের মোক্তার পাড়া এলাকায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে হবে আলোচনা সভা। অন্যদিকে যেখানে হুমায়ূন আহমেদ চিরনিদ্রায় শুয়ে আছেন, তাঁর গড়া সেই নন্দনকানন গাজীপুরের নুহাশপল্লীতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে কোরআনখানি ও মিলাদ মাহফিলের। এছাড়া এতিম শিশুদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হবে, হুমায়ূন আহমেদের প্রিয় খাবার পরিবেশনের মাধ্যমে। ‘অন্যপ্রকাশ’ ও পাক্ষিক ‘অন্যদিন’ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘অন্যপ্রকাশ’ আয়োজন করেছে একটি ব্যতিক্রমী ‘হুমায়ূন আহমেদ স্মরণোৎসব’। এই আয়োজনের অংশ হিসেবে তারা তিনটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে : ১. ভিডিও কনটেন্ট ক্রিয়েশন; ২. শ্যাডো রাইটিং; ৩. কুইজ প্রতিযোগিতা। এই তিন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রদান করা হবে অর্ধ লক্ষ টাকার বই।
Leave a Reply
Your identity will not be published.