বিশ্ববিখ্যাত জাপানি বুকশপ ‘কিনোকুনিয়া’ এবার অফিশিয়ালি বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করল। গতকাল, ১৯ জুন, রাজধানীর উত্তরার ঢাকা-ময়মনসিংহ রোডে অবস্থিত উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে বুকশপটির দরজা খুললো। এর মধ্য দিয়েই বাংলাদেশের বইয়ের বাজারে ‘কিনোকুনিয়া’-র আনুষ্ঠানিক ও ঐতিহাসিক যাত্রা শুরু হলো। বুকশপটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক হিরোয়োশি কাগেয়ামা, আইপিসিও ডেভেলমেন্টস (বাংলাদেশ) লিমিটেড এবং আইপিসিও হোটেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জায়েদ আহসান, কথাসাহিত্যিক ও সিটি ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাববিনা শহীদ প্রমুখ।

উল্লেখ্য, আজ থেকে প্রায় এক শতাব্দী আগে অর্থাৎ ১৯২৭ সালে, জাপানে প্রথম প্রতিষ্ঠিত হয় কিনোকুনিয়া, যা বর্তমানে বিশ্বজুড়ে বইপ্রেমীদের কাছে অন্যতম পরিচিত ও জনপ্রিয় একটি বুকশপ চেইন। জাপানের মূল ভূখণ্ডের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে অত্যন্ত সফলতার সঙ্গে তাদের আন্তর্জাতিক শাখাগুলো পরিচালিত হচ্ছে।
বৈশ্বিক প্রকাশনা জগতের একদম নতুন বই, কালজয়ী সাহিত্য, ইতিহাস, দর্শন, শিল্পকলা, উচ্চতর একাডেমিক গবেষণা, আকর্ষণীয় শিশুতোষ বই এবং বিশেষ করে বিশ্বখ্যাত জাপানি ‘মাঙ্গা’ কমিকসের সমৃদ্ধ ও এক্সক্লুসিভ সংগ্রহের জন্য এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিশেষভাবে সমাদৃত।
বাংলাদেশের বইয়ের বাজারে কিনোকুনিয়ার মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন দেশের সচেতন পাঠক সমাজ, লেখক ও প্রকাশনা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, এই চেইন শপটি চালু হওয়ার ফলে দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের যে-কোনো বইয়ের সহজ প্রাপ্যতা যেমন বহুগুণ বৃদ্ধি পেলো নিঃসন্দেহে। বৈশ্বিক প্রকাশনা জগতের নিত্যনতুন ধারার সাথে দেশের পাঠকদের সরাসরি সংযোগও আরও সুদৃঢ় হলো।
তাই যারা বিভিন্ন লেখকের বইয়ের অরিজিনাল প্রিন্ট উপভোগ করেন, তাদের জন্য উত্তরার ‘কিনোকুনিয়া’ দারুণ একটা জায়গা হলো। গ্রাফিক নভেল কিংবা ধ্রুপদী সাহিত্যের বই সংগ্রহের জন্য এটা নিশ্চিতভাবেই এখন পাঠকদের প্রিয় গন্তব্য। ফলে বইপ্রেমীরা অবসরে চলে যেতে পারেন উত্তরার সেন্টার পয়েন্টে, জাপানি বুকশপ ‘কিনোকুনিয়া’-য়।
Leave a Reply
Your identity will not be published.