সৈয়দ আব্দুল হাদী। বাংলা গানের প্রবাদ পুরুষ। অসংখ্য কালজয়ী গানের শিল্পী। আধুনিক, দেশাত্মবোধক, চলচ্চিত্রের গান। এছাড়া রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতও তিনি গেয়েছেন কখনো-সখনো।
গানের ভুবনে দীর্ঘ ৬৫ বছরের পথচলা সৈয়দ আব্দুল হাদীর। সব মাধ্যমেই তিনি গান করেছেন, তবে চলচ্চিত্রের গানের সূত্রেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এদেশের সাংস্কৃতিক দলের সদস্য ও নেতা হিসেবে নানা দেশে গিয়েছেন; প্রবাসী বাঙালিসহ বিদেশিদেরও মন জয় করেছেন।
শুধু গান গাওয়া নয়, গান লেখা ও গানে সুরারোপও করেছেন। করেছেন একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা ও আবহসংগীতের কাজ। বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলের শুরু করেছেন তিনিই। বিটিভি ও এনটিভিতে জনপ্রিয় সংগীতানুষ্ঠানের উপস্থাপক হিসেবেও দেখা গেছে তাঁকে।
পেশাগত জীবনে কলেজের শিক্ষকতা, টিভির প্রযোজক, বাংলাদেশ গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক/পরিচালক হিসেবে নানা দায়িত্ব পালন করেছেন তিনি।
সংগীতে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ শতাধিক দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। পেয়েছেন একুশে পদক।
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গান, কর্ম ও জীবনের গল্প নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ নির্মাণ করেছেন বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’। এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবন, কর্ম, সংগ্রাম, শিল্প ভাবনা এবং সংগীতযাত্রার নানা অজানা অধ্যায়।
অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তাঁর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তাঁর কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী; তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর গান আমাদের ব্যক্তিগত স্মৃতি সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে’Ñএর মাধ্যমে আমরা শুধু তাঁর সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।”
উল্লেখ্য, শাইখ সিরাজ এর আগে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’, শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।
‘গল্প আছে এখানে’-এর মাধ্যমে দর্শকরা এই আয়োজনে জানতে পারবেন কীভাবে একজন শিল্পী তাঁর প্রতিভা, সাধনা ও নিষ্ঠার মাধ্যমে কয়েক দশক ধরে মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছেন। সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন সংগীতপ্রেমী দর্শকদের জন্য হবে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। তাঁর জীবন ও কর্মের অনুপ্রেরণামূলক অধ্যায় নতুন করে তুলে ধরবে চ্যানেল আইয়ের এই প্রামাণ্যচিত্রটি।
আগামী ১ জুলাই, বুধবার, সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘গল্প আছে এখানে...’।
সৈয়দ আব্দুল হাদী : গল্প আছে এখানে...
অন্যদিন ২৫ জুন ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
ফরিদা পারভীন : সুরের তরঙ্গে মগ্ন চৈতন্য
মোমিন রহমান১৪ সেপ্টেম্বর ২০২৫ফরিদা পারভীন। লালনগীতির অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী। যাঁর গানের জন্য আমরা কান পেতে ছিলাম, থাকি। মগ্ন চৈতন্যের গভীরে ডুবে যাই।
রাজেন তরফদার : চিরকালের চলচ্চিত্রকার
মোমিন রহমান২৩ এপ্রিল ২০২৬চতুর্থ ও পঞ্চম দশকের বাংলা চলচ্চিত্রের উল্লেখযোগ্য পরিচালক রাজেন তরফদার। তিনি ছিলেন মধ্যপথের অনুসারী।
বলিউডে ঢাকার তন্বী
অন্যদিন০৯ জানুয়ারি ২০২২তন্বী এখন কাজ করছেন একটি পূর্ণদৈর্ঘ্য হিন্দি চলচ্চিত্রে, দিনো মারিওর বিপরীতে। অবশ্য ছবিটির বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি তন্বী। তবে জানা গেছে, ছবির শুটিং অনেকখানি হয়েছে। এ প্রসঙ্গে তন্বীর ভাষ্য, ‘ছবিটিতে কাজ করে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে আমার।
নেপালের উৎসবে বাংলাদেশের দুই ছবি
অন্যদিন১০ ডিসেম্বর ২০২৩১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করেছে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
Leave a Reply
Your identity will not be published.