চ্যানেল আই ও আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

চ্যানেল আই ও আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বাংলাদেশের বিশ্বকাপ দর্শকদের জন্য সুখবর। চ্যানেল আই ও আইস্ক্রিনে আসছে একটি ওয়েব সিরিজ, ‘ব্রাজেন্টিনা ক্লাব’। আট পর্বের এই সিরিজটির প্রচার শুরু হবে আগামী ৩০ জুন। দুই-তিনদিনের বিরতিতে পুরো বিশ্বকাপজুড়ে দর্শকরা এই সিরিজটি উপভোগ করতে পারবেন। 
সিরিজটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তারিক মুহাম্মদ হাসান। তিনি পরিচালকও। আজ ধানমন্ডি স্পোর্টস ক্লাব (সাবেক শেখ জামাল ক্লাব)-এ সিরিজটির শুটিংয়ের বিরতিতে তার সঙ্গে ‘অন্যদিন’-এর কথা হয়।

তারিক জানান, এই সিরিজে বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সর্মথকদের মধ্যে দ্বন্দ্ব, মান-অভিমান, ঝগড়া,  নানা নাটকীয় ঘটনা ও মজার বিষয় তুলে ধরা হবে। সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন জাতীয় ফুটবল দলের ফুটবলার ও অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি সিরিজটিতে বাস্তব জীবনের চরিত্রেই অভিনয় করছেন অর্থাৎ জাতীয় দলের ফুটবলারের ভূমিকায়। তার স্ত্রী লাবণ্যের চরিত্রের অভিনয়শিল্পী হলেন তাসনুভা তিশা। সিরিজটিতে দেখা যাবে জামাল ব্রাজিলের সমর্থক ও লাবণ্য আর্জেন্টিনার। বিষয়টি তাদের দাম্পত্যজীবনে কোনো সমস্যার সৃষ্টি না করলেও লাবণ্য'র মধ্যে সব সময় টেনশন কাজ করে যে, খেলা ছাড়াও জামাল বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে  অংশগ্রহণ করে। সেখানে যদি কোনো মডেল আর্জেন্টিনার সমর্থক হয়, তাহলে তার চাহিদা অবশ্যই থাকবে যে জামাল আর্জেন্টিনা দলের সমর্থন করুক। তখন কী পরিস্থিতির সৃষ্টি হবে ? এই ভাবনার দ্বারা তাড়িত হয়ে লাবণ্য সেই বিজ্ঞাপনচিত্রের শুটিং স্পটেও হাজির হয়। এমনই নানা নাটকীয় ব্যাপার-স্যাপার ও মজার ঘটনা ওয়েব সিরিজটিতে মূর্ত হয়ে উঠবে। দেখা যাবে বাংলাদেশের দর্শকদের দুটি দল। একদল জামালকে সমর্থন করবে, যেহেতু সে ব্রাজিলের সমর্থক; অন্যদল লাবণ্যকে সমর্থন করবে, সে যেহেতু আর্জেন্টিনার পক্ষে। 
এই সিরিজটিতে একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যাদের অনেকেই পরিচিত মুখ। জনপ্রিয়ও। অন্যদিকে জামাল ভূঁইয়াকে কাস্ট করার ক্ষেত্রে কাজ করেছে পরিচালকের নতুন কিছু দেওয়ার আকাক্সক্ষা। তবে ফুটবলার জামাল ভূঁইয়া কেমন খেলেন, সেটি ক্রীড়ামোদী দর্শকমাত্রই জানেন। অভিনেতা জামাল ভূঁইয়ার কেমন পারফরমেন্স এই ওয়েব সিরিজে দর্শকরা দেখতে পাবে ? এ প্রসঙ্গে পরিচালক তারিক মুহাম্মদ হাসানের ভাষ্য হলো: “গল্প নিয়ে জামালের সঙ্গে কাজ করার সময় লক্ষ করেছি, ওর বাংলা উচ্চারণ তেমন ভালো নয়। তাই এ বিষয়ে ওকে প্রশিক্ষণ দিয়েছি আমরা। ওরও চেষ্টা ছিল এ বিষয়ে ভালো করার। আর শটের রকমফের আর সেই অনুযায়ী অভিনয়ের প্রতিও ওর আন্তরিক প্রচেষ্টা ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।”
জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা ছাড়াও এই ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, ইশতিয়াক আহমেদ রুমেল, আফরিন, শহীদ উন নবী, আনোয়ার, জাভেদ গাজী, অপু, অনুভব, আশিক, তানভীর এবং রাজীব।

Leave a Reply

Your identity will not be published.